মন্ত্রীর গাড়িতে মামলা, আইনের প্রয়োগে সন্তুষ্ট বিমানমন্ত্রী

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে নিজের গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, আইন সবার জন্য সমান এবং কোনো ধরনের আইন লঙ্ঘনই বরদাস্ত করা হবে না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে ডিএমপির ট্রাফিক বিভাগ মন্ত্রীর গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা করে। রাতে জাতীয় সংসদের প্রবেশপথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
ঘটনার ব্যাখ্যায় মন্ত্রী জানান, সার্কিট হাউজ রোডে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীত পাশের সড়কে যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। ওই অংশে একটি ডিভাইডারও রয়েছে। রাস্তার একটি ফাঁকা অংশ দেখে তার গাড়ির চালক ডিভাইডার অতিক্রম করে বিপরীত পাশে যাওয়ার চেষ্টা করেন। মন্ত্রীর ভাষায়, এটি স্পষ্টভাবেই ট্রাফিক আইনের লঙ্ঘন।
চালকের এই ভুলের বিষয়ে গাড়িতে থাকা মন্ত্রীও অনুতপ্ত হন এবং ঘটনার পর প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে আইন ভঙ্গের ঘটনায় ট্রাফিক পুলিশ যে ব্যবস্থা নিয়েছে, সেটিকে স্বাগত জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তার গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা এবং জরিমানা করায় তিনি খুশি। তার মতে, আইন ভঙ্গ করলে শাস্তির আওতায় আনার মাধ্যমে দেশে আইনের শাসন কার্যকর রয়েছে—এমন একটি বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অন্যদেরও ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করবে।
মন্ত্রী আরও বলেন, আইন অমান্য করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার সুশাসন ও আইনের শাসনে বিশ্বাসী। তাই কোনো মন্ত্রী, তার গাড়ি কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তির আইন লঙ্ঘনও সরকার মেনে নেবে না।
বিজ্ঞাপন
আইনের সমপ্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মন্ত্রীর গাড়ি বা চালক আইন ভঙ্গ করলেও সেটিকে কোনো অজুহাতে ছাড় দেওয়ার সুযোগ নেই। সবার জন্য একই আইন কার্যকর হওয়াই আইনের শাসনের মূল ভিত্তি।
বিমানমন্ত্রী বলেন, তার গাড়ির বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনাটি দেখিয়ে দিয়েছে যে সরকারের দৃষ্টিতে সাধারণ নাগরিক ও প্রভাবশালী ব্যক্তির মধ্যে আইনের প্রয়োগে কোনো পার্থক্য করা হচ্ছে না। কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং আইন ভঙ্গ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।








