Logo

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৮
সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
ছবি: সংগৃহীত

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে সৌদি আরব পর্বে অব্যয়িত অর্থ হিসেবে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়সার)। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার উপস্থিত ছিলেন।

সৌদি আরব পর্বে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০ জন হাজির হাতে ফেরতের অর্থের চেক তুলে দেন ধর্মমন্ত্রী। অন্যদের অর্থ রবিবারের মধ্যেই সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পাঠানো হবে বলে জানানো হয়।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজি মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত পাবেন। এ অর্থ সরাসরি হাজিদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। তবে ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্যবিমার নির্ধারিত অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো টাকা ফেরত পাবেন না।

বিজ্ঞাপন

হাজিদের প্রতারণার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হাজিদের ফেরত দেওয়া অর্থসহ যেকোনো অনুদান বা সহায়তা সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হয়। এ অর্থ পাঠানোর জন্য মন্ত্রণালয় থেকে কাউকে ফোন করা হয় না। একই সঙ্গে কোনো হাজির কাছে ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর কিংবা বিকাশ, নগদ বা রকেটের পিন নম্বরও চাওয়া হয় না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এমনটি যদি কেউ করে, তাহলে সে প্রতারক। এ ধরনের প্রতারকদের থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।’

বিজ্ঞাপন

শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, হজের খরচ কমিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের জন্য পবিত্র এই ইবাদতকে সহজ করা সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ২০২৬ সালের হজে আগের বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো সম্ভব হয়েছে।

তিনি জানান, এই ধারাবাহিকতায় ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। হাজিদের কল্যাণে এটিকে সরকারের একটি ঐতিহাসিক ও যুগান্তকারী মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি।

ধর্মমন্ত্রী আরও জানান, ২০২১ সালের হজ প্যাকেজে বাড়িভাড়ার জন্য যে পরিমাণ অর্থ নির্ধারণ করা হয়েছিল, এবার তার চেয়েও কম মূল্যে আবাসন ভাড়া করা সম্ভব হয়েছে। পাশাপাশি আলোচনার মাধ্যমে সার্ভিস চার্জও কিছুটা কমানো হয়েছে। এরই মধ্যে প্রতিটি প্যাকেজের ব্যয়ের খাতভিত্তিক হিসাব চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৬ সালের সরকারি হজ ব্যবস্থাপনায় মোট তিনটি প্যাকেজ ছিল। এগুলো হলো—হজ প্যাকেজ-১ (বিশেষ), হজ প্যাকেজ-২ এবং হজ প্যাকেজ-৩।

হজ প্যাকেজ-১ (বিশেষ):

এই প্যাকেজের হাজিদের কাবা শরিফের কাছাকাছি ১ নম্বর বাড়ি তথা হোটেল বুল্লরা আল দুররাতে আবাসনের ব্যবস্থা করা হয়েছিল। পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা ফেরত পাবেন।

বিজ্ঞাপন

এই হোটেলে দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিরা প্রত্যেকে ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা এবং দুই সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা ফেরত পাবেন।

তিন সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিরা প্রত্যেকে ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজে হজ পালনকারীরা প্রত্যেকে ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা ফেরত পাবেন।

হজ প্যাকেজ-২:

বিজ্ঞাপন

এই প্যাকেজের হাজিদের মক্কা হজ মিশনের কাছাকাছি ২, ৩ ও ৪ নম্বর বাড়িতে রাখা হয়েছিল।

২ নম্বর বাড়ি তথা হোটেল লুলুয়াত আল তাওহিদে থাকা সাধারণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা এবং দুই সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ৭৮ হাজার ৭১৩ টাকা ৯৪ পয়সা ফেরত পাবেন।

এ ছাড়া তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা ফেরত পাবেন।

বিজ্ঞাপন

৩ নম্বর বাড়ি তথা হোটেল রাওদাত আল শুরুকে অবস্থানকারী সাধারণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা ফেরত পাবেন।

৪ নম্বর বাড়ি তথা হোটেল মানার আল শুরুকে অবস্থানকারী হাজিরা প্রত্যেকে ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিরা ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬ হাজার ২৪৯ টাকা ২৪ পয়সা ফেরত পাবেন।

হজ প্যাকেজ-৩:

বিজ্ঞাপন

সাধারণ হজ প্যাকেজ-৩-এর হাজিদের ৫ নম্বর বাড়ি তথা হোটেল নাম্বার ওয়ানে রাখা হয়েছিল। সেখানে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা ফেরত পাবেন। এই প্যাকেজে শর্ট প্যাকেজ বা আপগ্রেডেশনের কোনো ব্যবস্থা ছিল না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD