দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী সময়ে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, কোনো দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী বলছেন, সেটি বিবেচনার মূল বিষয় নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনাসহ তাঁর দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন। তাঁদের ফেরাতে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। একই সঙ্গে বিষয়টি ভারতের বিচার বিভাগও বিবেচনা করছে বলে জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এই প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশ যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শামা ওবায়েদ বলেন, ভবিষ্যতে নতুন কোনো ফোরাম বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সবার আগে দেশের পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। কোনো উদ্যোগ বাংলাদেশের জনগণের স্বার্থে কতটা কার্যকর এবং এতে দেশের কী ধরনের উপকার হবে—এসব বিষয় পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় এলে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা এবং মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী।
এ ছাড়া সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।








