বাঁধনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার: শামা ওবায়েদ

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় তাঁর পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। দেশটিতে দায়ের করা মামলা পরিচালনা ও প্রয়োজনীয় আইনি সহায়তায় মিলানের বাংলাদেশ কনস্যুলেট সহযোগিতা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিজ্ঞাপন
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইতালিতে অবস্থানকালে বাঁধনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
বাঁধনের ওপর হামলার ঘটনায় এ ঘটনার প্রভাব ভিসা প্রক্রিয়ায় পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন, নীতি ও রীতিনীতি মেনে চলা স্বাভাবিক বিষয়।
তিনি বলেন, ‘বাংলাদেশিরা যখন বিদেশে থাকেন, তখন তাদের ওই দেশের নিয়ম-কানুন, নীতি-রীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীরা যখন আমেরিকায় যান, লন্ডনে যান, তখন তাদের সেই দেশের নিয়ম-কানুনই মেনে চলতে হয়, খুবই সাধারণ বিষয়।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভেনিসে বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ইতালির ভেনিসে যেটা ঘটেছে, সেটা অত্যন্ত জঘন্য একটি ঘটনা।’
তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে মিলানের বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা বাঁধনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁর দায়ের করা মামলা পরিচালনা ও প্রয়োজনীয় সহায়তার জন্য কনস্যুলেট, রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করছেন।
শামা ওবায়েদ বলেন, ‘আমাদের মিলানের কনস্যুলেট থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে বাঁধনের সঙ্গে দেখা করেছেন এবং যে মামলাটি ওখানে দায়ের হয়েছে, সেই মামলাটি পরিচালনা বা সহায়তার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আমাদের কনস্যুলেট ও রাষ্ট্রদূতসহ সকলে সব ধরনের সহযোগিতা করেছেন।’
বিজ্ঞাপন
বাঁধন ইতালিতে যতদিন থাকবেন, ততদিন এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে এ ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা অবশ্যই এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। এই ব্যাপারগুলো যখন বিভিন্ন দেশে ঘটে, তখন কিন্তু আমাদের বাংলাদেশকে ছোট করা হয়। সবচেয়ে বড় কথা হলো, আমরা যেকোনো ধরনের সহিংসতার ও অরাজকতার বিরুদ্ধে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের পরিধি তুলে ধরে শামা ওবায়েদ আরও বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে কিংবা বাংলাদেশে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু এই ঘটনা নয়, পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো ঘটনা ঘটুক না কেন; এমনকি বাংলাদেশেও যদি এ ধরনের কোনো ন্যক্কারজনক ঘটনা ঘটে আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তভাবে সামাল দেবেন।’








