Logo

এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : জাকিয়া বারী মম

profile picture
বিনোদন ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৪
এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : জাকিয়া বারী মম
ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। দেশের বাইরে একজন নারী ও শিল্পীর ওপর হামলার পাশাপাশি দেশের সামগ্রিক সামাজিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাঁধনকে হেনস্তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে এর তীব্র নিন্দা জানান মম। পরে আরেকটি পোস্টে দেশের চলমান বিভিন্ন সমস্যা ও অস্থিরতা নিয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন তিনি।

মম তার পোস্টে দেশের বিভিন্ন অনিয়ম ও সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, কোনো কিছুই ঠিক পথে এগোচ্ছে না। মাদরাসায় যৌন হয়রানি, দরিদ্র মানুষের ওপর নির্যাতন, বিভিন্ন দলের অন্ধ সমর্থন, খুন, সন্ত্রাস, ছিনতাই, শিশু নিখোঁজ, ধর্ষণ, শিক্ষিত বেকারত্ব এবং সমাজের বিভিন্ন স্তরে নারীর প্রতি অসম্মানের মতো ঘটনাগুলো নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এ ছাড়া নিজের মতের বাইরে গেলেই কাউকে খারাপ হিসেবে চিহ্নিত করা, মাজার উচ্ছেদ, নাচ-গান, শিল্প-সাহিত্য ও নৌকা বাইচের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা, ধর্মকে ব্যবহার করে রাজনীতি, সাধারণ মানুষের আবেগকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো, অস্বাভাবিক বিদ্যুৎ বিল এবং নাগরিকদের অনিরাপদ জীবন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকলে এর পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন মম। তার মতে, সাধারণ মানুষ নানা ক্ষেত্রে প্রতারিত হয়েছে এবং এখনও হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এভাবে চলতে থাকলে গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই উল্লেখ করে তিনি বলেন, তার একমাত্র পরিচয় বাংলাদেশ। দেশ সুস্থ, শান্তিপূর্ণ ও নিরাপদ থাকুক—এটাই তার প্রত্যাশা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD