ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাংলাদেশকে যে প্রক্রিয়ায় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। তবে ভারতের সঙ্গে সরকারপ্রধান পর্যায়ে দ্বিপাক্ষিক সফরের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
হুমায়ুন কবির বলেন, ‘কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’
প্রতিমন্ত্রী জানান, দিল্লি সফরের ক্ষেত্রে বহুপক্ষীয় কোনো ফোরামে অংশগ্রহণের চেয়ে দ্বিপাক্ষিক যোগাযোগ ও আলোচনাকে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
তিনি বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছি। যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখন দ্বিপাক্ষিক সফর হবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে আমন্ত্রণপত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা। বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে নেয়নি বলে প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে।
গঙ্গার পানি চুক্তি
বিজ্ঞাপন
গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে বাংলাদেশ গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে।
তিনি বলেন, ‘আমাদের জাতীয় স্বার্থ যেখানেই জড়িত, সেখানেই আমরা গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করব। আনন্দবাজার পত্রিকা যাই বলুক না কেন, আমি আমার দেশের স্বার্থ ও আনন্দের কথা ভাবব।’
বাণিজ্য ইস্যুতে আলোচনা চলছে
বিজ্ঞাপন
ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে এ বিষয়ে এই মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা নতুন তথ্য জানানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
রোহিঙ্গা সংকট নিয়ে আশাবাদ
রোহিঙ্গা সংকটের সমাধান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ ধরনের জটিল বিষয়ে হঠাৎ করে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। তবে কূটনৈতিক তৎপরতা দ্রুতগতিতে চালিয়ে যেতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা আগামীকালই এটা সমাধান করে ফেলব—এমন দাবি হয়তো করা যাবে না, তবে আমরা আশাবাদী যে দ্রুতই একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দিকে আমরা এগিয়ে যেতে পারব।’








