Logo

দেশের স্বাধীনতা রক্ষায় র‍্যাবের মতো বাহিনী প্রয়োজন: বাবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৪
দেশের স্বাধীনতা রক্ষায় র‍্যাবের মতো বাহিনী প্রয়োজন: বাবর
ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় র‍্যাবের মতো একটি বিশেষায়িত বাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাবর বলেন, র‍্যাবের পরিবর্তে এসআরবি নামে যে নতুন সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি বর্তমান বাস্তবতায় প্রয়োজন। দেশে এখনো বোমা হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি প্রতিবেশী কোনো কোনো দেশ বিভিন্নভাবে নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, এসব কারণে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার স্বার্থে র‍্যাবের মতো একটি সংগঠন প্রয়োজন। তবে এ ধরনের বাহিনীকে দক্ষতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

র‍্যাবের অতীত ভূমিকা তুলে ধরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৫ বছরের শাসনামলে র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ চাঁদাবাজি দমনে বাহিনীটির ভূমিকার কথাও স্মরণ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি বলেন, র‍্যাবের সফলতার সময়ে বিভিন্ন জায়গায় মানুষ মিষ্টি বিতরণ করেছিল। বিরোধী দলের সদস্যরা হয়তো সেই বিষয়গুলো ভুলে গেছেন।

বাবর বলেন, তার দায়িত্ব পালনকালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় র‍্যাবকে রাজনৈতিকভাবে পরিচালনা করা হয়নি। এক ঘণ্টার জন্যও বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি বলেও দাবি করেন তিনি।

র‍্যাবকে পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আগের আলোচনার প্রসঙ্গ তুলে বাবর বলেন, একসময় প্রধানমন্ত্রী তাকে জানিয়েছিলেন, র‍্যাবের পরিবর্তন প্রয়োজন। তখন তিনি পরিবর্তনের পক্ষে ছিলেন না এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় যুক্তি দিয়েছিলেন। পরে এ নিয়ে আর আলোচনা হয়নি। তবে এখনো তিনি মনে করেন, র‍্যাবের মতো একটি সংগঠনের প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

র‍্যাবের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা প্রসঙ্গে বাবর বলেন, বাহিনীটির অপকর্মের কথা তিনিও বলেছেন এবং এর ভুক্তভোগী নিজেও হয়েছেন। ২০০৭ সালের ২৮ মে তাকে গ্রেপ্তারের সময় মিথ্যা অস্ত্র মামলায় জড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, ওই ঘটনায় র‍্যাবের একজন উইং কমান্ডার সাক্ষী ছিলেন।

বিজ্ঞাপন

তবে নতুন এসআরবি কীভাবে পরিচালিত হবে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। দায়িত্বপ্রাপ্ত সরকারপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী বাহিনীটিকে যথাযথভাবে পরিচালনার বিষয়ে যে আশ্বাস দিয়েছেন, তার ওপর গুরুত্বারোপ করেন বাবর।

বিরোধী দলের নেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, দেশের জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এসআরবির মতো সংগঠন প্রয়োজন এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

বাবর আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার গভীর স্বার্থে অনেক বিষয় সংসদে প্রকাশ্যে বলা সম্ভব হচ্ছে না। তবে দেশের নিরাপত্তার জন্য এ ধরনের একটি বাহিনী প্রয়োজনীয় বলে তিনি মনে করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD