Logo

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৫
সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে সময়সীমা কমানোর প্রস্তাব করা হয়েছে নবম জাতীয় পে-স্কেলে। প্রস্তাব অনুযায়ী, পদোন্নতি ছাড়াই একই বা সমতুল্য পদে আট বছর চাকরি পূর্ণ করলে পরবর্তী বছর অর্থাৎ নবম বছরে প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

বর্তমানে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী একই পদে পদোন্নতি ছাড়া ১০ বছর চাকরি পূর্ণ করলে এবং চাকরির রেকর্ড সন্তোষজনক হলে ১১তম বছরে প্রথম উচ্চতর গ্রেড পান। এরপর প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর আরও ছয় বছর একই পদে থাকলেও পদোন্নতি না হলে সপ্তম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার বিধান রয়েছে।

নবম পে-স্কেলের প্রস্তাবনায় প্রথম উচ্চতর গ্রেডের ক্ষেত্রে এই সময় ১০ বছর থেকে কমিয়ে আট বছর করার কথা বলা হয়েছে। অর্থাৎ, একই বা সমতুল্য পদে পদোন্নতি ছাড়া আট বছর পূর্ণ হলে নবম বছরে প্রথম উচ্চতর গ্রেড দেওয়ার সুযোগ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর আরও ছয় বছর একই বা সমতুল্য পদে চাকরি করলে সপ্তম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে।

তবে একজন কর্মচারী একই পদে দুইবারের বেশি উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা পাবেন না। এই সুবিধা সর্বোচ্চ চতুর্থ গ্রেড পর্যন্ত কার্যকর রাখার প্রস্তাব করা হয়েছে। চতুর্থ গ্রেডে বা এর ওপরে থাকা কর্মচারীদের উচ্চতর গ্রেডের মাধ্যমে তৃতীয় বা তার ওপরে গ্রেডে যাওয়ার সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

এ ছাড়া পূর্ববর্তী বেতনস্কেলগুলোতে একই পদে দুই বা তার বেশি সিলেকশন গ্রেড, টাইম স্কেল, উচ্চতর গ্রেড বা উচ্চতর স্কেল পাওয়া থাকলে নতুন পে-স্কেলে একই পদে আবার উচ্চতর গ্রেড দেওয়ার সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ বা তার আগে কোনো কর্মচারী একই পদে মাত্র একটি উচ্চতর স্কেল বা গ্রেড পেয়ে থাকলে, সেই সুবিধা পাওয়ার তারিখ থেকে ছয় বছর পূর্ণ হওয়ার পর সপ্তম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড দেওয়া যেতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে এ ক্ষেত্রে আগের সময়ের কোনো বকেয়া পাওনা দেওয়ার সুযোগ থাকবে না। একইভাবে নতুন গ্রেডের ভিত্তিতে অতীত সময়ের বেতন পুনর্নির্ধারণের সুবিধাও প্রযোজ্য হবে না।

এর আগে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়া সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলে উচ্চতর গ্রেড সুবিধা নিয়ে আদালতে মামলাও হয়েছে। ২০২৬ সালের মার্চে আপিল বিভাগ অর্থ মন্ত্রণালয়ের রিভিউ আবেদন খারিজ করে উচ্চতর গ্রেড-সংক্রান্ত আগের রায় বহাল রাখেন।

বিজ্ঞাপন

তবে নবম পে-স্কেলে উচ্চতর গ্রেড নিয়ে প্রস্তাবিত পরিবর্তনগুলো এখনো চূড়ান্ত নয়। পে-স্কেলের চূড়ান্ত অনুমোদন, গেজেট ও সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রকাশের পর নতুন নিয়ম কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট হবে।

নতুন পে-স্কেলে বেতন নির্ধারণের প্রস্তুতিতে কর্মচারীর পদ, চাকরিতে যোগদানের তারিখ, ইনক্রিমেন্ট, পদোন্নতি এবং উচ্চতর গ্রেড পাওয়ার তথ্য বিবেচনায় নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD