Logo

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৯
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি
ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধানে তাঁর দেশ-বিদেশের সম্পদ ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

অনুসন্ধানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক বরাবর চিঠি পাঠানো হয়। এতে আসিফ মাহমুদ ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন আর্থিক ও সম্পদসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশি-বিদেশি কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে একজন কর্মকর্তার নেতৃত্বে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অনুসন্ধানের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদের নামে থাকা হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে সচল, সুপ্ত ও বন্ধ হিসাব, ক্রেডিট ও ডেবিট কার্ডের লেনদেন, নগদ অর্থ, বন্ড, শেয়ার, এফডিআর, ডিপিএস, ঋণ হিসাব এবং পরিশোধিত ঋণের তথ্য রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া বিদেশে সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ যাচাইয়ে বিভিন্ন দেশের তথ্যও চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের তথ্য যাচাইয়ের কথা উল্লেখ করা হয়েছে।

দুদক চিঠিতে বিএফআইইউর সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহ করে আসিফ মাহমুদ ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর দেশ-বিদেশের বিনিয়োগ, ব্যাংক হিসাব এবং অন্যান্য আর্থিক কার্যক্রম পর্যালোচনার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞাপন

দুদক সূত্রের বরাতে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, আসিফ মাহমুদের পাশাপাশি তাঁর স্ত্রী পান্নার তথ্যও চাওয়া হয়েছে। তাঁদের নামে থাকা ব্যাংক হিসাব, বিনিয়োগ ও অন্যান্য আর্থিক তথ্যের প্রয়োজনীয় রেকর্ড সরবরাহ করতে বিএফআইইউকে অনুরোধ করা হয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ১৩ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে নিয়োগ, বদলি ও পদায়নে অর্থ লেনদেন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের কথা জানায় সংস্থাটি।

এ ছাড়া ১৫ সেপ্টেম্বর দুদক সচিব সাইদুর রহমান খান জানিয়েছিলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে।

বিজ্ঞাপন

তবে এসব অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এখনো চলমান। অনুসন্ধানে অভিযোগগুলোর সত্যতা বা দায় নির্ধারণ হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD