Logo

অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৯
অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের
ছবি: সংগৃহীত

নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা, নৌপথে চাঁদাবাজি-সন্ত্রাস-ডাকাতি বন্ধ এবং বাল্কহেড মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি।

বিজ্ঞাপন

দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩০ সেপ্টেম্বরের পর দেশের সব নদীপথে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রবিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তারা বলেন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা ও বরিশালের নদীপথে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দিতে হবে।

সংগঠনটির ছয় দফা দাবির মধ্যে আরও রয়েছে বৈধ বালুমহাল, বাল্কহেড, ড্রেজার এবং সংশ্লিষ্ট শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি নৌ ও স্থানীয় প্রশাসন, ইজারাদার, বাল্কহেড মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর তদারকি কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নেতারা বলেন, নৌপথে চাঁদাবাজি, ডাকাতি ও অসাধু জেলেদের তাণ্ডব বন্ধে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহল বাড়াতে হবে। নিরাপদ নৌপথে বিধি অনুযায়ী রাতে বাল্কহেড চলাচলের সুযোগ দেওয়ার পাশাপাশি মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া বিআইডব্লিউটিএ বা অন্য কোনো সংস্থার নাম ব্যবহার করে অবৈধ অর্থ আদায় ও মনগড়া টোল নেওয়া বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে দেশের সব নদীপথে বাল্কহেড ও ড্রেজার চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি মারফত মিঝি, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. জামান খান উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD