দুর্যোগ মোকাবিলায় আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সমন্বয়

রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবকদের কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন, প্রশিক্ষণ এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিত মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
রাজধানীতে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবকদের সম্ভাব্য ভূমিকা এবং ডিজিটাল মোতায়েন ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়। এর আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাহিনীর সার্বিক সংস্কার ও সক্ষমতা অর্জনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার-ভিডিপির বৃহৎ স্বেচ্ছাসেবী সাংগঠনিক কাঠামোর সম্ভাবনা তুলে ধরা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা এলাকায় প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগের সময় দ্রুত কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন আনসার-ভিডিপির মহাপরিচালক।
বৈঠকে ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের বিদ্যমান সক্ষমতার পাশাপাশি আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী নেটওয়ার্ককে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও মতবিনিময় হয়। আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা দুর্যোগের সময় First Responder হিসেবে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং অন্যান্য মানবিক পুনর্বাসন কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।
প্রস্তাবিত এক লাখ টিডিপি স্বেচ্ছাসেবী সদস্যকে বাহিনীর মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার রূপরেখা নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে কার্যকর স্থানীয় দুর্যোগ সাড়াদান সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, অগ্নিনির্বাপণসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দুই বাহিনীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে পেশাদারিত্বের মান উন্নয়নে প্রশিক্ষণ সহায়তা এবং কৌশলগত তথ্য আদান-প্রদানের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
ভবিষ্যতে জাতীয় সংকট ও মানবিক দুর্যোগের সময় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুই বাহিনীর সমন্বিত উদ্যোগ দুর্যোগের সময় দ্রুত সাড়াদান সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জননিরাপত্তা রক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনার ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে।








