Logo

ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫৬
ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখতে চান স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী ৩১ ডিসেম্বরের আগেই পুলিশ বাহিনীতে দৃশ্যমান পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও জবাবদিহিমূলক হওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ সদস্যদের কাজের ক্ষেত্রে ‘পানিশমেন্ট-রিওয়ার্ড’ ব্যবস্থা চালু থাকবে। যারা ভালো কাজ করবেন এবং প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে বিষয়টি শুধু বিভাগীয় শাস্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রচলিত আইনে মামলা ও বিচার কার্যক্রম পরিচালিত হবে।

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল। এখন তাদের নিজেদের সংশোধন করে নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণ এখন রাজা-বাদশাহ নয়, জনগণের পুলিশ দেখতে চায়। কোনো সিনিয়র কর্মকর্তা এমন কর্মকাণ্ড করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। একইভাবে অধস্তন কোনো সদস্যের এমন কর্মকাণ্ডেও অনুমতি বা আশ্রয় দেওয়া যাবে না, যা সমাজে অশান্তি বা অস্বস্তি তৈরি করে।

দায়িত্ব পালনে ভুলত্রুটি থাকলেও কেউ সৎভাবে দায়িত্ব পালনের চেষ্টা করলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থতা কিংবা অপরাধ সংঘটিত হলে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘২০২৬ সালের ৩১ ডিসেম্বর আসার আগেই আপনাদের পরিবর্তনটা দেখাতে হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য পুলিশ বাহিনীর জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা বাড়ানোর কথাও জানান।

বিজ্ঞাপন

পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদক শুধু কৃতিত্বের স্বীকৃতি নয়, দেশের ও জনগণের প্রতি দায়িত্বও বহুগুণ বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম। মঞ্চে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD