জাসদ কার্যালয়ের ভেতরে গোপন মিটিং, বাইরে ‘জয় বাংলা’ স্লোগান

ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩০ থেকে ৪০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কার্যালয়ের ভেতরে একটি সভা চলছিল এবং বাইরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল।
বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান শুরু হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ভেতরে মিটিং চলছে, বাইরে জয় বাংলা স্লোগান দিচ্ছে। এ ঘটনায় পল্টন থানা ৩০-৪০ জনকে থানায় নিয়ে গেছে। এখনও অভিযান চলছে।’
তিনি জানান, থানায় নেওয়া ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের মধ্যে পথচারী বা সাধারণ মানুষও থাকতে পারেন। যাচাই শেষে কারও বিরুদ্ধে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন দাবি করেছেন, সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে তিনশ নেতাকে নিয়ে প্রতিনিধি সভা চলার সময় দুপুর আড়াইটার দিকে তাদের ওপর হামলা হয়। তিনি বলেন, তারা জাসদ কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং পুলিশ সেখানে আসছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পুলিশের পক্ষ থেকে অভিযান ও হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও জাসদ নেতাদের ওপর হামলার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনা ঘিরে কার্যালয়ের ভেতরের সভা, বাইরে স্লোগান এবং হেফাজতে নেওয়া ব্যক্তিদের বিষয়ে পুলিশ যাচাই-বাছাই করছে।








