লং মার্চ নিয়ে বিরোধীদের কৌশল বুঝে গেছে মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলের বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়ে সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও বিরোধীরা রাজপথে নেমেছে। তাঁর দাবি, তাদের লং মার্চের কৌশল মানুষ বুঝে গেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধোলাইখালসংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত প্রতিবাদ সভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার রাজনৈতিক শৃঙ্খলা রক্ষা, সাংবিধানিক সংস্কার ও গণতন্ত্র সুসংহত করার কাজ করছে। এর মধ্যেই একটি রাজনৈতিক গোষ্ঠী সরকার পতনের এক দফা এবং লং মার্চের মতো কর্মসূচির ঘোষণা দিচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিরোধী দলের কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, উত্তরের লং মার্চ শেষ করে তারা দক্ষিণে যাচ্ছে এবং পূর্ব ও পশ্চিমে যাওয়ার পরিকল্পনাও করছে। তাঁর ভাষ্য, চার বছর পর আন্দোলনের যুক্তি থাকলেও সরকারের সাত মাসের মাথায় এ ধরনের তৎপরতা ভিত্তিহীন।
বিগত ১৭ বছরে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে।
বিজ্ঞাপন
জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য এবং সীমান্ত দিয়ে তেল পাচার রোধের প্রয়োজনেই মূল্য সমন্বয় করা হয়েছে। সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও অনুপাতিক হারে দাম কমানো হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও অন্য সাবেক নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রত্যর্পণ করা হলে সংশ্লিষ্টরা আইনগত প্রক্রিয়ায় আপিলের সুযোগ পাবেন।
রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তিকেন্দ্রিক স্লোগান পরিহারের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির নামে স্লোগান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া উচিত।
সমাবেশের শেষ দিকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।








