শারদীয় দুর্গাপূজায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে এক সভায় তিনি এ নির্দেশ দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট এলাকার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি নিয়ে মতবিনিময় করা হয়।
পুলিশ সুপার শামীমা পারভীন পূজা উদযাপন কমিটির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করা সম্ভব।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সভায় বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ দেন। পুলিশ সুপার এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
দুর্গাপূজা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং জেলার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।








