Logo

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৫৯
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে পরিবর্তনের প্রস্তাব রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে পরিবর্তনের প্রস্তাব নিয়ে কাজ চলছে। এসব ক্ষেত্রে সংশোধন আনা হলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটের প্রয়োজন হবে বলে তিনি জানান। সংসদে সংশোধনী বিল পাস হওয়ার পর এই গণভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় সংবিধানের ১৪২ অনুচ্ছেদে থাকা সাংবিধানিক গণভোটের বিধান পুনরুজ্জীবিত হয়েছে। ফলে সংবিধানের মৌলিক বিষয়ে সংশোধন আনা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে জনগণের মতামত নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির পক্ষ থেকে এ-সংক্রান্ত বিধান ভবিষ্যতে পরিবর্তনের ক্ষেত্রেও গণভোট বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। দলটি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছে উল্লেখ করে তিনি জানান, কোনো ভবিষ্যৎ সংসদ যাতে সহজে এ ব্যবস্থা বাতিল করতে না পারে, সে লক্ষ্যেই সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে কমিটির আহ্বায়ক জানান, ডিসেম্বরের মধ্যে বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য কাজ চলছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংশোধনী বিল তৈরি করবে। এরপর আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপনের লক্ষ্য রয়েছে।

বিল সংসদে পাস হলে যেসব বিষয়ে সাংবিধানিকভাবে গণভোটের প্রয়োজন হবে, সেসব বিষয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে জনগণের ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD