Logo

পুলিশ-বিজিবিসহ বাহিনীগুলো দায়িত্বশীলভাবে কাজ করছে: ডা. জাহেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬
পুলিশ-বিজিবিসহ বাহিনীগুলো দায়িত্বশীলভাবে কাজ করছে: ডা. জাহেদ
ছবি: সংগৃহীত

পুলিশ, বিজিবিসহ দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, ৫ আগস্টের পর পুলিশকে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই অবস্থা থেকে বাহিনীকে স্বাভাবিক কার্যক্রমে পুরোপুরি ফিরতে কিছুটা সময় লাগছে। তবে এর মধ্যেও পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে সরকার মনে করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি জানান, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রিফিংয়ে দেশের এলপিজি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, দেশে এলপিজির কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। কেউ অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে কৃত্রিম সংকট বা জনঅসন্তোষ তৈরির চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

ডা. জাহেদ জানান, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পর্যাপ্ত রয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ নিশ্চয়তা দেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে তিনি বলেন, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির মজুত ও সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক।

তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকার পরও কিছু এলাকায় এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। অসৎ উদ্দেশ্যে কেউ যাতে পণ্য মজুত করে জনমনে অসন্তোষ তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে জল্পনামূলক প্রবণতা তৈরি হওয়ার কথাও উল্লেখ করেন ডা. জাহেদ। তার মতে, এর প্রভাবেও কিছু পণ্যের দাম বাড়তে পারে। বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে ৫৫ লাখ দরিদ্র পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়ার কর্মসূচি, তথ্য কমিশনের কার্যক্রম, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সহযোগিতা, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর, পরিবেশ ও ‘ওয়ান হেলথ’ কর্মসূচি এবং প্রকল্প বাস্তবায়নে গতি আনার উদ্যোগসহ সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD