ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে রয়েছে নানা কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী ফেনী সফরে যাচ্ছেন। সরকারি সফরসূচি অনুযায়ী, তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটিই তার প্রথম সফর।
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম নেওয়ার কথা রয়েছে।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে।
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ফেনী ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে অনুষ্ঠানস্থল প্রস্তুত করা হয়েছে। পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। সভাস্থলে বিশুদ্ধ পানির ব্যবস্থা, পানির ট্যাংক, পোর্টেবল টয়লেট ও স্যানিটেশন কার্যক্রমের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও সংস্কারকাজ করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকাতেও বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে প্রস্তুতিমূলক কাজ চলছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।








