Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘১২০ শতাংশ’ নিশ্চিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২১:০১
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘১২০ শতাংশ’ নিশ্চিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে সফরের মাস বা তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময়সূচি জানতে চাইলে তিনি বলেন, ‘তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুর কথা হয়নি। তবে ১২০ শতাংশ নিশ্চিত যে তিনি ভারত সফর করবেন। আর তাড়াহুড়ো করলে কোনো লাভ কারও নেই। আমাদের নিশ্চিত করতে হবে, যথাযথ প্রস্তুতি হোক।’

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফর করবেন, সে বিষয়ে এখনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে ভারত দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সুবিধাজনক সময়ে বৈঠক চায়। সফরের আগে যথাযথ প্রস্তুতির ওপরও তিনি গুরুত্ব দেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কে বিভিন্ন চ্যালেঞ্জ থাকার কথাও উল্লেখ করেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ না থাকলে সেটি ভুল ধারণা হবে। দুই দেশের নেতাদের সুবিধাজনক সময়ে বৈঠক করার সুযোগ দিতে হবে। পানি, ক্রিকেট, ফুটবল, বাণিজ্য, কবিতা, থিয়েটার, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মানুষের যোগাযোগ রয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতা বা ‘ইন্টারডিপেনডেন্সি’ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের মাধ্যমে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বা রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD