Logo

প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১২:৫২
প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। এ সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ ও কুমিল্লা অংশের বিভিন্ন স্থানে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর জন্য সকাল থেকেই মহাসড়কের পাশে তাদের উপস্থিতি দেখা যায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনীর পথে রওনা হন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজার বিভিন্ন পয়েন্টে সকাল ৮টার পর থেকেই দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর দেখাই তাদের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কুমিল্লা অংশেও সকাল থেকে মহাসড়কের দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়। কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাস্তার পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছিল বলে দলীয় নেতারা জানান।

দাউদকান্দি, চান্দিনা, নিমসার, পদুয়ার বাজার ও আলেখারচরসহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। নিমসার জুনাব আলী কলেজসংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারাও মহাসড়কের পাশে জড়ো হন। সেখানে কলেজটি জাতীয়করণের দাবিও জানানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

কুমিল্লার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতির কথাও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার মহাসড়ক অংশে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সফরসূচি অনুযায়ী, ফেনীতে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে পরশুরাম যাবেন। সেখানে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। এরপর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এ ছাড়া ফুলগাজী জেলা পরিষদের ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধনের কর্মসূচি রয়েছে। বিকেলে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD