Logo

ডিসেম্বরে অস্থিরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৪:২৩
ডিসেম্বরে অস্থিরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসে কোনো ‘অপশক্তি’ অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে বিশ্বাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরে ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে ডিসেম্বর মাসে অস্থিরতার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন সদর দপ্তর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল পরিকল্পিত ও উপযুক্ত স্থানে একটি সদর দপ্তর প্রতিষ্ঠা করা। গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনসারের সদর দপ্তর নির্মাণের জন্য ৩ দশমিক ৪৫ একর, অর্থাৎ প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে। বড় পরিসরের পরিকল্পনার মাধ্যমে সদর দপ্তর সেখানে স্থানান্তর করা হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যাটালিয়ন আনসারের সদস্য প্রায় ২০ হাজার। অঙ্গীভূত আনসারের সংখ্যা প্রায় ৬০ হাজার। এ ছাড়া ৩৫ হাজার দলনেতা ভিডিপি এবং তাদের অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। সংখ্যার হিসাবে নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে এটি দেশের সবচেয়ে বড় বাহিনী।

বিজ্ঞাপন

তিনি জানান, নিয়মিত ব্যাটালিয়ন আনসার সদস্যরা বিভিন্ন সরকারি স্থাপনা, মন্ত্রণালয় ও অধিদপ্তরের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করেন। তবে তাদের আবাসন সংকট রয়েছে। কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালন করা সদস্যদের রাতযাপনের সুবিধার জন্য নতুন সদর দপ্তরে একটি ডরমেটরি নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ব্যারাকসহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

আনসার ব্যাটালিয়নের জন্য দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং বাহিনীটির ভূমিকা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দিয়েছে। আনসার ব্যাটালিয়নের ঐতিহাসিক অর্জন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিসহ অঙ্গীভূত সদস্যরা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তাদের আর্থিক সহায়তার বিষয়েও সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণ করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত অভিযান পরিচালনার পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত এ ধরনের উদ্যোগে আনসার ব্যাটালিয়নের পাশাপাশি পুলিশ, বিজিবি, এসআরবিসহ অন্যান্য বাহিনীও থাকবে।

বিজ্ঞাপন

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, সামনে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।

বাহিনীর কিছু সদস্যের দায়িত্বে অবহেলার বিষয়টিও সরকার নজরে নিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেসব বিষয় তদন্তে বা সরকারের নজরে আসছে, সেগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা ও বিভাগীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার নয়, কোনো সদস্যের বিরুদ্ধে অপরাধ সংঘটনের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ফৌজদারি অভিযোগও আনা হচ্ছে বলে জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD