মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনীতে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রকল্পটি বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং সেচব্যবস্থা উন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর তিনি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর নদী খনন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ফেনীতে পৌঁছান। বাসস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে পরশুরামের উদ্দেশে রওনা হন। এটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম ফেনী সফর।
মুহুরী-কহুয়া প্রকল্পটি বাস্তবায়নের আওতায় নদী ও জলাশয় পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের মতো কাজ করা হবে। প্রকল্পটি গত ১৬ জুন একনেকের অনুমোদন পায়।
বিজ্ঞাপন
পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এর আগে জানিয়েছিলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনীর মানুষের যে ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ তৈরি হয়েছিল, তা কমাতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, বাঁধটি বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফেনীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। পরশুরামের ঘাটঘর এলাকায় প্রকল্প উদ্বোধনের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রাখা হয়। সফরসূচিতে ফুলগাজীতে বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের কর্মসূচিও রয়েছে।








