Logo

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
১ অক্টোবর, ২০২৬, ২০:৫১
স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে দাবি করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’ আবার একসঙ্গে হয়েছে বলেও মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হয়।

তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরই তিনি দেখতে পেয়েছেন, কথিত ‘গুপ্ত বাহিনী’র লোকজন বলেছে, তারা এলে, থাকলে বা কাজ করলে তাদের কোনো আপত্তি নেই। তার ভাষ্য, এসব পক্ষ আগেও বিভিন্ন সময়ে একসঙ্গে কাজ করেছে। এ প্রসঙ্গে তিনি ১৯৯১, ১৯৮৬ এবং সর্বশেষ নির্বাচনকালীন সময়ের কথাও উল্লেখ করেন।

বিএনপির নেতাকর্মীদের গত ১৭ বছর ধরে নির্যাতনের শিকার হওয়ার দাবি করে প্রধানমন্ত্রী বলেন, তারা জেল-জুলুম, হত্যা ও গায়েবি মামলার মুখোমুখি হয়েছেন। তার প্রশ্ন, যারা তখন মাঠে হরতাল, মিছিল-মিটিং করেছিল, তাদের মধ্যে কথিত পক্ষগুলোর কাউকে রাজপথে দেখা গেছে কি না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশের একটি অংশ অরাজকতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। ‘এক দফা’ কর্মসূচির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, সরকারের নেওয়া কর্মসূচির সুবিধা সাধারণ ও খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, যারা ‘এক দফা’ বলছে অথবা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের কোনো ফ্যামিলি কার্ড, খালকাটা, বৃক্ষরোপণ বা কৃষক কার্ড কর্মসূচি আছে কি না। ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বাড়ানোর মতো কর্মসূচি তাদের রয়েছে কি না—সেটিও জানতে চান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদের সহায়তা, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিদের সহযোগিতা এবং কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা পৌঁছানোর কথা উল্লেখ করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, এসব উদ্যোগের মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির পরিকল্পনার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বিএনপির ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে চায়, ইমাম-মুয়াজ্জিন সাহেবদের সম্মানী বাস্তবায়ন করতে চায়, বিএনপি কৃষক কার্ডের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, খাল খনন করতে চায়, বন্ধ মিল-কারখানা চালু করতে চায়।”

ধর্মীয় প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে একটি দল ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে—এমন অভিযোগ করে তিনি প্রশ্ন করেন, বেহেশত ও দোজখের মালিক কে। এ বিষয়ে তিনি ধর্মীয় ব্যাখ্যার প্রসঙ্গও তুলে ধরেন।

তারেক রহমান আরও বলেন, যারা ‘গুপ্ত রাজনীতি’ ও ‘স্বৈরাচারী রাজনীতি’ করে এবং জনগণের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি নেই, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তার দাবি, এসব পক্ষের জনগণের উপকারে আসবে এমন কোনো কর্মসূচি এখন পর্যন্ত তারা তুলে ধরতে পারেনি।

বিজ্ঞাপন

বিএনপি জনগণের জন্য কাজ করে—এমন দাবি করে প্রধানমন্ত্রী বলেন, দলটির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তারা এর প্রমাণ দিয়েছে।

এর আগে অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হয়। ফেনীর ফুলগাজীতে ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং পুরো জেলায় ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাওয়ার কথা জানানো হয়েছিল। ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকেও সম্মানী দেওয়ার কর্মসূচি ছিল।

সভা শেষে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন এবং ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD