Logo

বিশ্বব্যাংকের অর্থায়নে ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ২০:১৫
বিশ্বব্যাংকের অর্থায়নে ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প
ছবি: সংগৃহীত

উপকূলীয় ১৪ জেলার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, বন্যা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জীবনমান উন্নয়নে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প আগামী অর্থবছর থেকে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম (ফ্লাড এমপিএ)’ এবং ‘কোস্টাল রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ মানুষের নিরাপত্তা, জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের জন্য একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জীবন নিশ্চিত করা। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্য অর্জনে সরকার বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী। বিশেষ করে উপকূলীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিজ্ঞাপন

প্রকল্পের আওতায় উপকূলীয় ১৪টি ঝুঁকিপূর্ণ জেলায় অবকাঠামো উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগঝুঁকি কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি এসব এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার প্রভাব মোকাবিলায় পানি শোধন ও নিরাপদ পানির সরবরাহ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উপকূলীয় মানুষের পানি নিরাপত্তা জোরদারের পাশাপাশি বন্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD