Logo

প্রকল্প অনুমোদনে চার শর্ত পূরণ বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৬:৫২
প্রকল্প অনুমোদনে চার শর্ত পূরণ বাধ্যতামূলক: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চারটি শর্ত পূরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) সম্মেলন কক্ষে ‘বিদেশ নির্ভরতা পেরিয়ে: বাংলাদেশে এনজিও অর্থায়নের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নতুন কোনো প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ভ্যালু ফর মানি, বিনিয়োগের বিপরীতে সম্ভাব্য রিটার্ন, নতুন কর্মসংস্থান বা উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশগত সুরক্ষা—এই চারটি বিষয় নিশ্চিত করতে হবে। শর্তগুলো পূরণ না হলে ভবিষ্যতে কোনো প্রকল্পই অনুমোদন পাবে না বলেও জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিভিন্ন সংকটের টেকসই সমাধান এবং সার্বিক জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু অংশীজনদের পরামর্শ নেওয়াই নয়, সেসব পরামর্শের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, মানব উন্নয়ন, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত ও শক্তিশালী নীতিগত কাঠামো প্রয়োজন। সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে এনজিও ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইতিবাচক অবদান রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের উন্নয়ন কার্যক্রম ও সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে এনজিওগুলোর ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিদেশ নির্ভরতা কমিয়ে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে টেকসই অর্থায়নের পথ তৈরি করতে হবে। এ জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে নীতি প্রণয়ন ও তা মাঠপর্যায়ে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

দেশীয় কারুশিল্প ও ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ওপরও জোর দেন আমির খসরু। শীতলপাটির মতো ঐতিহ্যবাহী পণ্যে আধুনিক নকশা, মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক মানের বিপণন ও প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন তিনি। এর মাধ্যমে স্থানীয় কারিগরদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের সংস্কৃতিও বিশ্বমঞ্চে তুলে ধরা সম্ভব বলে জানান।

বিজ্ঞাপন

সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকী, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ উন্নয়ন গবেষক, অর্থনীতিবিদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD