Logo

বিশ্ব ট্রমা দিবস আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৩:৪৬
বিশ্ব ট্রমা দিবস আজ
ছবি: সংগৃহীত

আজ ১৭ অক্টোবর, বিশ্ব ট্রমা দিবস। প্রতি বছর দুর্ঘটনা ও বিভিন্ন ধরনের আঘাতে বিশ্বজুড়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা, সেবা এবং পুনর্বাসনের বিষয়ে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়।

বিজ্ঞাপন

সাধারণ কথাবার্তায় আমরা প্রায়ই ‘ট্রমা’ শব্দটি ব্যবহার করি। ট্রমা বলতে শরীর বা মনে সৃষ্ট আঘাতকে বোঝায়। পথ দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, দগ্ধ হওয়া, সহিংসতা এবং নারী, শিশু ও বয়স্কদের ওপর শারীরিক বা মানসিক নির্যাতন—এসবই ট্রমার কারণ হতে পারে। বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরাও দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত হন। এ ছাড়া আহত হন পাঁচ কোটিরও বেশি মানুষ। এসব দুর্ঘটনা অনেক ক্ষেত্রে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে। কেউ কেউ গুরুতর আঘাতের কারণে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে বাধ্য হন, আবার অনেকে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারান।

বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও সড়ক দুর্ঘটনায় প্রতিবছর কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। দুর্ঘটনায় যত মানুষ প্রাণ হারান, তার তিন গুণ মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়। এ ছাড়া ১০ গুণ মানুষকে হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং ৩০ গুণ মানুষকে চিকিৎসা নিতে হয় বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

উন্নয়নশীল দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারও উদ্বেগজনক। এসব দেশে সড়ক দুর্ঘটনায় বিশ্বজুড়ে মোট মৃত্যুর ৫০ শতাংশ ঘটে বলে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা ও সেবার বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশ্ব ট্রমা দিবস পালন করে। দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি দ্রুত চিকিৎসা, যথাযথ পরিচর্যা এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রাণহানি ও দীর্ঘমেয়াদি শারীরিক ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD