আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবাসিক এলাকাটির পরিচ্ছন্নতা নিশ্চিত করে বসবাসের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। এ সময় তিনি আবাসিক এলাকার বিভিন্ন অংশ, চলাচলের পথ এবং সামগ্রিক পরিবেশ সরেজমিনে ঘুরে দেখেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিদর্শনের সময় বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার ঘাটতি নজরে এলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এর কারণ জানতে চান প্রধানমন্ত্রী। কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর পরিদর্শনকালে আবাসিক এলাকার বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁরা অভিযোগ জানান। এলাকায় বসবাসের পরিবেশ উন্নত করা এবং নিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বাসিন্দারা।
প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি, উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গে কুশলবিনিময় করেন তারেক রহমান।
বিজ্ঞাপন
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
সরকারি আবাসিক এলাকার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার বাস্তবায়ন আগামী দুই সপ্তাহের মধ্যে কতটা দৃশ্যমান হয়, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট বাসিন্দাদের।








