ষড়যন্ত্র করে লাভ হবে না, জনগণই এই সরকার প্রতিষ্ঠা করেছে: ফারুক

জনগণের সমর্থনে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই সরকারকে অস্থিতিশীল করতে কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবদিন ফারুক।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবদিন ফারুক বলেন, দেশের একটি নির্দিষ্ট জায়গায় বসে গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এ ধরনের অপতৎপরতার প্রতিবাদ জানাতেই সমমনা জোট এই কর্মসূচির আয়োজন করেছে। দীর্ঘ ১৬ বছর মামলা, হামলা, নির্যাতন ও হত্যার শিকার হয়েও দেশে গণতান্ত্রিক ও স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাঁরা আন্দোলন চালিয়ে গেছেন।
বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘বাংলাদেশে আসি, আসবো, আসার সম্ভাবনা আছে, আমি চলে আসবো—এ ধরনের মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে কিছু উচ্ছৃঙ্খল লোককে লেলিয়ে দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে।’
বিজ্ঞাপন
ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক নেতাকর্মীদের আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, গত ১৬ বছর যারা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তাঁদের আবারও প্রতিবাদী ভূমিকা নিতে হবে। কয়েকটি পটকা বিস্ফোরণ কিংবা অদৃশ্য শক্তির ইন্ধনে দেশে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে থেকেই তার মোকাবিলা করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ১৬ বছর যেভাবে সংগ্রাম করেছি, প্রয়োজনে আবারও রাস্তায় থাকবো এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’
এ সময় বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন জয়নাল আবদিন ফারুক। তাঁর বক্তব্য অনুযায়ী, বহুল আলোচিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকার ইতোমধ্যে নয় মাসে পদার্পণ করেছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ গ্রহণ করেছে।
পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়ে গণতান্ত্রিক পরিবেশ সচল রাখার চেষ্টা করছে সরকার বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে জয়নাল আবদিন ফারুক বলেন, ‘আপনারা যেভাবে সরকার পরিচালনা করছেন, আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। কারণ, এই সরকার গুন্ডামি করে বা নির্বাচনকেন্দ্র দখল করে নির্বাচিত হওয়া সরকার নয়।’








