Logo

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারতের হস্তক্ষেপের সুযোগ নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৫:৫৭
শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারতের হস্তক্ষেপের সুযোগ নেই
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার বিচার বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসারেই সম্পন্ন হবে। এ বিষয়ে ভারতসহ কোনো বিদেশি রাষ্ট্রের বক্তব্য দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার কোনো ধরনের চাপের মুখে নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের আইনেই নির্ধারিত হবে। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। তারা কথা বলবে, সেটিও তিনি বিশ্বাস করেন না। সরকার কোনো চাপে নেই।

এদিকে দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগের অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাংস্কৃতিক আয়োজন বাড়ানোর মধ্য দিয়ে বিনোদনের পাশাপাশি তরুণ প্রজন্মকে বিপথে যাওয়ার প্রবণতা থেকেও ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছে সরকার।

২০২৭ সালের হজ ব্যবস্থাপনা নিয়েও তথ্য দেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, সৌদি আরবের সঙ্গে আগামী বছরের হজ চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো তথ্য সরকারের কাছে নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কী দাবি জানানো হবে এবং কোন প্রক্রিয়ায় তা উপস্থাপন করা হবে, সেটি যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গা পানি চুক্তি নিয়ে আলোচনা বা সমঝোতার সরাসরি কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তথ্য উপদেষ্টা। তাঁর ভাষ্য, দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি সই হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো সাধারণত অনেক আগেই চূড়ান্ত করা হয়ে থাকে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল আয়োজনও বেআইনি বলে মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এসব কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে। সরকার এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করবে না।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযান পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনার কথাও জানান তিনি। তাঁর মতে, পুলিশকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে অভিযান কার্যকর হয় এবং বলপ্রয়োগের মাত্রা পরিস্থিতির তুলনায় আনুপাতিক থাকে। সহিংসতার ঘটনায় যাদের ছবি দেখা গেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD