গঙ্গা চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতের প্রতিনিধিদল

গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ভারতের চার সদস্যের একটি প্রতিনিধিদল।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে। দলটির নেতৃত্ব দিচ্ছেন ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র। গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় দুই দেশের যৌথ কমিটির এই বৈঠক ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে গঙ্গা পানিবণ্টন চুক্তির বর্তমান মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। ফলে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে ঢাকায় আসা ভারতীয় প্রতিনিধিদলের চুক্তির বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর সেটি নবায়ন কিংবা সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, চুক্তিটি নতুন করে নবায়ন করা হবে, নাকি পরবর্তী সময়ে নতুন সমঝোতা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে এর মেয়াদ বাড়ানো হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বকে।
বিজ্ঞাপন
অন্যদিকে বাংলাদেশ বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন একটি পানিবণ্টন চুক্তি সম্পাদনের বিষয়ে আগ্রহী। বিশেষ করে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে সুস্পষ্ট ও কার্যকর শর্ত যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা।
সংশ্লিষ্টদের মতে, আসন্ন যৌথ কমিটির বৈঠক দুই দেশের নদী ব্যবস্থাপনা ও পানিবণ্টন নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে শেষ পর্যন্ত উভয় দেশের রাজনৈতিক সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।








