প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন বালেন্দ্র শাহ। আগামী ২২ নভেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাবেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বালেন্দ্র শাহ। পাশাপাশি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। নেপালের প্রধানমন্ত্রীর সম্মানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের আয়োজন করবেন নরেন্দ্র মোদি।
বিবৃতিতে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। অভিন্ন সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক সাদৃশ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে। সফরটি ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। পাশাপাশি দুই দেশের মানুষের জন্য পারস্পরিক সুফল বয়ে আনবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চলতি বছরের মার্চে নেপালের প্রধানমন্ত্রী হন বালেন্দ্র শাহ। এরপর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন তিনি। সেটিই ছিল প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বিদেশযাত্রা। সে হিসাবে আসন্ন ভারত সফর হবে তাঁর দ্বিতীয় বিদেশ সফর।
এর আগে কয়েক সপ্তাহ আগে নেপাল সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সে সময় বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে আগস্টে নেপালে বন্যার সময় ভারতের দেওয়া মানবিক ও কারিগরি সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নেপালের নেতৃত্ব।
নয়াদিল্লি সফরে ভারতের ব্যবসায়ী নেতাদের একটি সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে বালেন্দ্র শাহের। ভারত নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। নেপালের মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে প্রতিবেশী দেশটি থেকে।
বিজ্ঞাপন
নেপালের পররাষ্ট্র সচিব অমৃত রাই দেশটির সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, সফরকালে কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হবে। পাশাপাশি আরও কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণাও আসতে পারে।
সূত্র : ফার্স্টপোস্ট, কাঠমান্ডু পোস্ট








