নেপালে বন্যার ধকল না কাটতেই এবার তুষারধস, নিখোঁজ ১০

বন্যা ও দুর্যোগের ধকল কাটতে না কাটতেই নেপালের উচ্চ পার্বত্য এলাকায় ফের তুষারধসের ঘটনা ঘটেছে। এতে মানাং জেলার হিমলুং হিমাল এলাকায় পর্বতারোহী ও তাদের সহায়তাকারী দলের অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) নার ফু অঞ্চলের ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমালে তুষারধসটি ঘটে। নেপালের এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে দুজন ইমাজিন নেপাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত ছিলেন। অন্য আটজন হিমালয়ান হলিডেজ নেপালের সঙ্গে কাজ করছিলেন।
নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রাম কৃষ্ণ লামিছানে বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের সন্ধানে উদ্ধার তৎপরতাও সমন্বয় করা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারী তুষারপাত ও টানা বৃষ্টির কারণে নেপালের উচ্চ পার্বত্য জেলাগুলোতে তুষারধস ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করে আসছে কর্তৃপক্ষ। গত ২২ সেপ্টেম্বর থেকেই এ বিষয়ে সতর্কতা জারি রয়েছে।
এর কয়েক সপ্তাহ আগেও নেপালের আরেক পাহাড়ি এলাকায় ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটে। সেখান থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় রাসুওয়া জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনায় প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক দুর্যোগের পর দেশটির বিভিন্ন উচ্চ পার্বত্য এলাকায় সতর্কতা আরও জোরদার করা হয়েছে। দুর্গম অঞ্চলে ভারী তুষারপাত ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়ছে। ফলে পর্বতারোহী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।








