রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে নিহত ৮, ছোড়া হলো ৪০০ ড্রোন

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতে চার শতাধিক ড্রোন এবং ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা এবং রেলপথসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।
বিজ্ঞাপন
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবারের হামলাকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় আক্রমণ হিসেবে উল্লেখ করেন তিনি।
জেলেনস্কি বলেন, “রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে ৪০০টিরও বেশি আক্রমণাত্মক ড্রোন এবং ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আগ্রাসী রুশ বাহিনী। হামলায় আটজন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন।”
হামলায় অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ও রেলওয়ে স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাতে রাজধানী কিয়েভে দিনিপ্রো নদীর ওপর থাকা তিনটি সেতুকে লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরুর পর সেতুগুলোকে লক্ষ্য করে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করা হয়েছে। রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার পর নিরাপদ আশ্রয়ের জন্য মেট্রো স্টেশনগুলোতে অবস্থান নেন বাসিন্দারা।
জেলেনস্কির অভিযোগ, চীনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ত্রিপক্ষীয় বৈঠক দুর্বল হওয়া এবং বিশ্বব্যবস্থা নতুন করে সাজানোর ক্ষেত্রে মস্কোর ব্যর্থতার পর পুতিন এ হামলার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও দাবি করেন, হামলায় ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং প্রতিটি দফার মধ্যে ২০ থেকে ৩০ মিনিট বিরতি রাখা হয়েছে। এতে জরুরি উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণ, ধ্বংসস্তূপ পরিষ্কার এবং প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধারের কাজ ব্যাহত হয়েছে বলে তাঁর অভিযোগ।
বিজ্ঞাপন
ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরগি কোরেৎস্কি পৃথক এক বার্তায় জানান, নিহত আটজনের মধ্যে ছয়জন কিয়েভে এবং দুজন লভিভের একটি রেলওয়ে স্টেশনে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কিয়েভের তিন সেতু ক্ষতিগ্রস্ত
বিজ্ঞাপন
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রুশ হামলায় পোদিলস্কো-ভোসক্রেসেনস্কি, দারনিতস্কি ও পিভদেনিয়ি—এই তিনটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রো নদীর ওপর নির্মিত সেতুগুলো রাজধানীর দুই অংশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। পরিস্থিতির কারণে বাসিন্দাদের গাড়িতে কর্মস্থলে যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন তিনি।
যুদ্ধের আগে কিয়েভের প্রায় ৩০ লাখ বাসিন্দার এক-তৃতীয়াংশের বেশি দিনিপ্রো নদীর পূর্ব তীরে বসবাস করতেন। তাঁদের বড় একটি অংশ কাজের জন্য পশ্চিম তীরে যাতায়াত করতেন। রাজধানীর অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কলকারখানা নদীর পশ্চিম পাশে অবস্থিত।
ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রায় সবগুলোই প্রতিহত করা হয়েছে। পাশাপাশি অনির্দিষ্ট সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চার শতাধিক আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয়েছে।
বিজ্ঞাপন
হামলার লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎ অবকাঠামোও। এর ফলে ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পানি সরবরাহ স্থাপনায় হামলায় তিন কর্মী নিহত হয়েছেন। শহরের চারটি জেলায় পানির চাপ কমে গেছে এবং কিছু ভবনে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান উক্রেনার্গো পশ্চিমাঞ্চলের লভিভ, জাকারপাতিয়া ও ইভানো-ফ্রাঙ্কিভস্কে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে। জ্বালানি কোম্পানি ডিটিইকের তথ্য অনুযায়ী, কিয়েভের পাঁচটি জেলার বাসিন্দারা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর উক্রজালিজনিৎসিয়া জানিয়েছে, রুশ হামলায় কয়েকটি এলাকায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
ক্রিমিয়া সেতুতে হামলার পর রাশিয়ার পাল্টা আক্রমণ
বৃহস্পতিবার ভোরে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্ত করা ক্রিমিয়া সেতুতে হামলা চালায় ইউক্রেন। চার দিনের মধ্যে সেতুটি লক্ষ্য করে এটি ছিল তৃতীয় হামলা। এতে সেতুটির ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পর চীনের শেনঝেনে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন। তাঁর ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে বড় ধরনের হামলা শুরু করে রুশ বাহিনী।
বিজ্ঞাপন
কার্চ প্রণালির ওপর নির্মিত ক্রিমিয়া সেতু ইউরোপের দীর্ঘতম সেতু এবং রাশিয়ার অন্যতম প্রতীক হিসেবে পরিচিত। ইউক্রেন কয়েক মাস ধরে রাশিয়ার সামরিক সরবরাহ ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালিয়ে আসছে।
জেলেনস্কির বক্তব্য, ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা ছিল দেশটির বিভিন্ন অবকাঠামো, বিশেষ করে সেতুতে রাশিয়ার চালানো আক্রমণের পাল্টা জবাব।
সূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে








