নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।
সতর্কবার্তায় বলা হয়, বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে অনেক স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এসব এলাকার মধ্যে রয়েছে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং।
ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ও আশপাশের ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও এর আশপাশের এলাকাতেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস। মুস্তাং, জমসমসহ অন্যান্য পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এসব এলাকার সড়কব্যবস্থা হঠাৎ করেই বিঘ্নিত হতে পারে।
বিজ্ঞাপন
দূতাবাসের পরামর্শ অনুযায়ী, অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা করার আগে সর্বশেষ পরিস্থিতি যাচাই করতে হবে। পাশাপাশি নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা ঘনিষ্ঠভাবে অনুসরণ করতে হবে।
ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে নদীর তীর ও ভূমিধসের আশঙ্কাপ্রবণ এলাকা এড়িয়ে চলা, যাত্রার আগে সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি যাচাই এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্যও প্রকাশ করা হবে।









