Logo

ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, নেত্রীসহ গ্রেফতার ৮

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৭
ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, নেত্রীসহ গ্রেফতার ৮
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে এ অভিযান চালানো হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান।

তিনি বলেন, ভোরে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‌‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যান।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা তারিকুজ্জামান বলেন, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করেন। এসময় সাতজন নারীকে গ্রেফতার করা হয়। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ ও এর চালককে গ্রেফতার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD