Logo

ড. ইউনূসের বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকে আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১২:৫০
ড. ইউনূসের বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকে আবেদন
ছবি: সংগৃহীত

হামসহ বিভিন্ন রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, স্বাস্থ্য খাতে টিকা ক্রয় ও বিতরণে অনিয়ম ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে, যা জনস্বার্থে তদন্ত করা জরুরি। বিশেষ করে হামসহ গুরুত্বপূর্ণ রোগের টিকা সংগ্রহ ও সরবরাহে সংশ্লিষ্টদের কোনো দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও উল্লেখ করা হয়, দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, টিকার সংকট এবং অপর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

আবেদনকারীরা দাবি করেন, স্বাস্থ্য খাতে বড় বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও সময়মতো প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করা হয়নি। ফলে দেশে হামের প্রকোপ বেড়ে বর্তমানে তা মহামারির আশঙ্কা তৈরি করেছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অনেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, টিকা ক্রয় পদ্ধতিতে পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনা এবং এ বিষয়ে স্বচ্ছ তথ্য প্রকাশ না করাও অনিয়মের ইঙ্গিত দেয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও টিকা ও সিরিঞ্জ কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠে এসেছে বলে দাবি করা হয়।

বর্তমান সরকারও টিকা সংকটকে পূর্ববর্তী সময়ের ব্যবস্থাপনার ফল হিসেবে উল্লেখ করেছে বলে আবেদনে বলা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD