Logo

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেফতার ৭

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১১:১৮
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেফতার ৭
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার অন্যরা হলেন—লিটন মিয়া, সুমন, শাওন, স্বপন কাজী, ফালান ও রুবেল।

বিজ্ঞাপন

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সিকেডি হাসপাতালের চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার প্রধান আসামি মঈনসহ সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

জানা গেছে, গত ১১ এপ্রিল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। মামলায় মঈনকে প্রধান আসামি করা হয়।

বিজ্ঞাপন

এজাহারে অভিযোগ করা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ভুক্তভোগী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়।

গত ১০ এপ্রিল সকালে শ্যামলীর বাসার সামনে গিয়ে দরজা খুলতে চাপ সৃষ্টি করা হয়। দরজা খোলার পর ভুক্তভোগীর স্ত্রীর কাছে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা দাবি করা হয় এবং না দিলে ক্ষতির হুমকি দেওয়া হয়। এ সময় তাদের আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা আরও লোক জড়ো করে হাসপাতালের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা সেখানে স্লোগান, গালাগালি ও উচ্ছৃঙ্খল আচরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD