Logo

সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা : মূল অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ, ২০২৬, ২০:১৭
সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা : মূল অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছরের শিশু ইরা হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার ভেতর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয় শিশু ইরাকে। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

বিজ্ঞাপন

পুলিশের তথ্যমতে, শিশুটির বাড়ি কুমিরা এলাকায়। যেখানে তাকে উদ্ধার করা হয়, সেই স্থান তার বাড়ি থেকে অন্তত পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে। এত দূর পথ একা পাড়ি দেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, কেউ প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে তাকে ওই নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যায়।

শনিবার সকালে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। তার গলা দিয়ে তখনও রক্ত ঝরছিল। শ্রমিকরা নিজেদের পরনের কাপড় ছিঁড়ে গলায় পেঁচিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, বিভিন্ন তথ্য-প্রমাণ ও তদন্তের ভিত্তিতে বাবু শেখকে মূল আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের বিস্তারিত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD