Logo

৭৬ লাখ টাকার চেক জালিয়াতি, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
১১ মে, ২০২৬, ১৪:১৬
৭৬ লাখ টাকার চেক জালিয়াতি, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত জামালপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের রায়ে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই আসামিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) দুপুরে জামালপুর পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবসায়ী এরশাদ আলীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন হারুনুর রশীদ। নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত না পাওয়ায় পাওনাদার একাধিকবার টাকা ফেরত চান। কিন্তু অভিযোগ রয়েছে, হারুনুর রশীদ সেই অর্থ পরিশোধ করেননি।

বিজ্ঞাপন

পরবর্তীতে এরশাদ আলী আদালতের আশ্রয় নিয়ে তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন।

আদালত রায়ে হারুনুর রশীদকে ৭৬ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। একইসঙ্গে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর আদালত তাকে গ্রেপ্তারের জন্য মেলান্দহ থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী হারুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD