যশোরে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বৃহস্পতিবার (৭ মে) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। আটককৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৪৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৩৯ লক্ষ ৪৭ হাজার ৪০ টাকা।
বিজ্ঞাপন
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ০৪:৩০ ঘটিকায় ব্যাটালিয়নের একটি বিশেষ চৌকস আভিযানিক দল নীলগঞ্জ ব্রিজের ওপর অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির হেড রেস্ট এর ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
অভিযানে স্বর্ণের পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭,৩২৭ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে মোট সিজার মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লক্ষ ৭০ হাজার ৮৬৭ টাকা।
বিজ্ঞাপন
আটককৃত ব্যক্তিরা হলেন, রনি (৩৬), আব্দুল গনি (৫৪),ইসরাইল (৪৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকার উত্তরা ও আব্দুল্লাহপুর এলাকা থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের লক্ষ্য ছিল যশোর চৌগাছা সীমান্ত এলাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, ‘সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় আজকের এই বড় চালানটি ধরা সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অবস্থান সবসময় অব্যাহত থাকবে।’
বিজ্ঞাপন
আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জব্দকৃত মালামালসহ তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।








