মোহাম্মদপুরে ‘চুয়া সেলিম’ ও ‘বোমা রতন’সহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য, শীর্ষ মাদক কারবারি ও তালিকাভুক্ত সন্ত্রাসীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মো. সেলিম আশরাফী ওরফে ‘চুয়া সেলিম’, চাঁদ উদ্যান এলাকার কিশোর গ্যাং ‘মাহী গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড জয় এবং তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রতন ওরফে ‘বোমা রতন’।
শুক্রবার (২১ আগস্ট) সকালে বছিলায় র্যাব-২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ১১০ গ্রাম হেরোইনসহ চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে এবং একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় মাদক ব্যবসা, খুন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই দিন চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ‘মাহী গ্রুপ’-এর অন্যতম সদস্য জয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসংক্রান্ত ১০টি মামলা রয়েছে। র্যাবের দাবি, জয় ও তার সহযোগীরা চাঁদ উদ্যান ও নবীনগর এলাকায় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এ ছাড়া বিজলী মহল্লায় পৃথক অভিযান চালিয়ে রতন ওরফে ‘বোমা রতনকে’ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি বছিলা ও গজনবী রোড এলাকায় একটি অস্ত্রধারী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
বিজ্ঞাপন
র্যাব-২ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।








