Logo

ফখরুল-রিজভীসহ আটজনের বিচার শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:০৯
ফখরুল-রিজভীসহ আটজনের বিচার শুরু
ছবি: সংগৃহীত

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন।

বিজ্ঞাপন

রাজধানীর পল্টন মডেল থানায় নাশকতা ও গাড়ি ভাংচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 

রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন।

বিজ্ঞাপন

এর আগে মির্জা ফখরুলসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি শুরু হয়। শুনানিতে আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

মামলার অন্য আসামিরা হলেন- জামায়াত ইসলামির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, সাইফুল আলম নিরব, মোয়াজ্জেম হোসেন বাবু, আজিজুল বারী হেলাল, কাজী রেজাউল হক বাবু, খন্দকার এনামুল হক এনাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম ও রিজভীর নেতৃত্বে ২০০/২৫০ নেতাকর্মী লাঠসোটা নিয়ে রাস্তা অবরোধ করে। এসময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাংচুর করে ও বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি চালক মো. আয়নাল বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান আদালতে চার্জশিট দাখিল করেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD