Logo

উপদেষ্টা মাহফুজের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:২৯
উপদেষ্টা মাহফুজের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম - মাহফুজ আলম | ফাইল ছবি

লন্ডনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে কড়া বার্তা দেন।

নাহিদ ইসলাম লেখেন, “গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে লন্ডনে হামলার চেষ্টা করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রেও তার ওপর হামলা ও অপদস্ত করার ঘটনা ঘটেছে।”

তিনি অভিযোগ করেন, বারবার মাহফুজ আলমকে টার্গেট করছে আওয়ামী ফ্যাসিস্টরা। “আজ তিনি, কাল আমরা—এই বাস্তবতা থেকেই যাচ্ছে,” বলেন নাহিদ।

বিজ্ঞাপন

তার ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জে ফ্যাসিবাদী শক্তির নৃশংসতা যেমন দেখা গেছে, তেমনি ভিন্নমতের মানুষদের টার্গেট করার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তিনি সতর্ক করে বলেন, “যারা এ হামলার নীরব অনুমোদন দিচ্ছে তারাও শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়বে।”

নাহিদ ইসলাম আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও দায়বদ্ধতার কথা বললেও বাংলাদেশ সেই পথে হাঁটেনি। বরং বিভিন্ন গ্রুপ প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধমূলক রাজনীতিতে জড়িয়ে পড়ছে, যা ফ্যাসিবাদকেই ফের নিয়ে আসবে।

তিনি অভিযোগ করেন, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার কখনো কঠোর পদক্ষেপ নেয়নি কিংবা কোনো স্পষ্ট বার্তাও দেয়নি। এমনকি উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও তাকে অপদস্থ করার নীরব সম্মতি ছিল।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাহফুজ আলমকে ব্যবহার করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এর রাজনৈতিক জবাব অবশ্যই দেওয়া হবে।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD