জবিতে সংঘর্ষ: ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার, শোকজ ১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির আট নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় জবি ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য ইমরান হোসেন ইমন, মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজন ও ইয়াসিন সাইফ এবং ছাত্রনেতা কাব্য সাহা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সবুজ শাহরিয়ার, ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির ও সৌরভুর রহমান সুজনকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আর কাব্য সাহাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে দেওয়া নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।
বিজ্ঞাপন
এর আগে রবিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন বলে জানা গেছে।
এর কয়েক দিন আগেও, ১৬ সেপ্টেম্বর রাতে জবি ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কনসার্টে স্টেজে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির পর সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ওই ঘটনায়ও তিনজন আহত হন।
সাম্প্রতিক এসব ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল জবি শাখার নেতাকর্মীদের বিরুদ্ধে বহিষ্কার ও শোকজের মতো সাংগঠনিক ব্যবস্থা নিল।








