Logo

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রী মৃত্যুর তদন্ত সরকারের দায়িত্ব’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫৬
‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রী মৃত্যুর তদন্ত সরকারের দায়িত্ব’
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মোছা. মরিয়ম খাতুনের (১৯) মৃত্যু নিয়ে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে এ ঘটনাকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছে জামায়াত।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকা পোস্টকে বলেন, ‘এটা তো পারসোনাল বিষয়। এটা নিয়ে জামায়াতের বক্তব্য দেওয়ার কিছু নেই। তাছাড়া গাজী নজরুল তো জামায়াতের কেউ না। ব্যক্তিগত অপরাধ বা ঘটনা তদন্তের দায় তো সরকারের। এখানে জামায়াতের কোনো বক্তব্য নেই।’

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে। মরিয়মের মৃত্যুর কারণ জানতে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাজী নজরুল ইসলাম চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে জুলাইয়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। জামায়াতের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল, গাজী নজরুলের বিরুদ্ধে দলীয় তদন্তের পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ার একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি ওই তরুণী মরিয়ম খাতুনকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হলেও বিয়ে-সংক্রান্ত কিছু নথির সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে।

মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মৃত্যুর কারণ ও এর সঙ্গে কোনো অপরাধের যোগসূত্র আছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD