Logo

জনগণ ক্ষমতায় বসাতে পারে, আবার টেনেহিঁচড়ে নামাতেও পারে: শিবির সভাপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৫
জনগণ ক্ষমতায় বসাতে পারে, আবার টেনেহিঁচড়ে নামাতেও পারে: শিবির সভাপতি
ছবি: সংগৃহীত

জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতায় বসাতে পারে, আবার প্রয়োজনে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েও দিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে সরকারকে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘এ-প্লাস সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম বলেন, জনগণের আন্দোলনের মাধ্যমেই সরকার ক্ষমতায় আসে। একইভাবে জনগণ চাইলে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকেও নামিয়ে দিতে পারে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়ন করা হচ্ছে না, সংবিধান সংস্কারের কাজও এগোচ্ছে না। জনগণের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন না করার পাশাপাশি গণভোটের আলোকে মৌলিক পরিবর্তন আনা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

শিবির সভাপতি আরও বলেন, মুখে সনদ বাস্তবায়নের কথা বলা হলেও বিভিন্ন দপ্তরে নিজেদের লোক বসিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। তরুণ সমাজ এসব বিষয় বুঝতে পারে না—এমনটি মনে করার কোনো কারণ নেই। জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ হলে পরিস্থিতি কতটা বদলে যেতে পারে, তা জুলাইয়ের আন্দোলনেই স্পষ্ট হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নুরুল ইসলাম। কুমিল্লায় নিহত অপ্রতিমের পরিবারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সন্তান হারিয়ে তার মা-বাবা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তা অত্যন্ত বেদনাদায়ক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়েও কথা বলেন শিবির সভাপতি। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামছে না। জনগণ বিভিন্ন পণ্যে ভ্যাট ও ট্যাক্স দেওয়ার পরও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কেন ব্যর্থ হবে—এ প্রশ্নের জবাব দিতে হবে।

শিশু নিখোঁজের তথ্য নিয়ে বক্তব্য

দেশে শিশু নিখোঁজের ঘটনা নিয়েও বক্তব্য দেন নুরুল ইসলাম। তিনি গত সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ হওয়ার দাবি করেন এবং দুই হাজারের বেশি শিশু এখনো নিখোঁজ রয়েছে বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তবে পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বা পরিবারের কাছে ফিরেছে এবং ২ হাজার ৩৮ শিশু তখনও নিখোঁজ ছিল। পুলিশ জানিয়েছে, নিখোঁজের জিডির সংখ্যাকে সরাসরি বর্তমানে নিখোঁজ শিশুর সংখ্যা হিসেবে বিবেচনা করা ঠিক নয়।

শিক্ষার্থীদের আত্মগঠনের আহ্বান

সংবর্ধিত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে নুরুল ইসলাম আত্মগঠন ও মেধার বিকাশের ওপর গুরুত্ব দেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের যোগ্যতা ও চরিত্র গঠনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সম্মাননা ও বিশেষ উপহার দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামিম হোসেন, কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক এইচ এম আবু মুসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং চিকিৎসক ডা. ফজলুল হক।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিচালনা সম্পাদক রাকিবুল ইসলাম। এতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD