প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির সর্বাত্মক প্রস্তুতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার সফর উপলক্ষে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
বিজ্ঞাপন
শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরকে ঘিরে প্রস্তুতি ও বিভিন্ন বিষয় তুলে ধরেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জাতিসংঘ সফরকে তারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন। তার ভাষ্য অনুযায়ী, এর আগে তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন। এবার তারেক রহমানও অধিবেশনে বক্তব্য দেবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আনোয়ার হোসেন খোকন বলেন, একই পরিবারের তিনজন রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার বিষয়টি বিরল ঘটনা।
সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তাদের বক্তব্য অনুযায়ী, প্রায় ৪০ বছর পর একজন বাংলাদেশি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করছেন।
বিজ্ঞাপন
এ সময় ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের প্রসঙ্গও তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে ১৪ শতাধিক নিহত এবং ৩০ হাজারের বেশি আহত হওয়ার দাবি করা হয়। নেতারা বলেন, দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবাসীরা সমর্থন অব্যাহত রাখবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর বিষয়েও সংবাদ সম্মেলনে কথা বলা হয়। নেতারা জানান, চলতি বছরের মধ্যে প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে এ ধরনের একটি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের বিনিয়োগ, মেধা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ তৈরির কথা বলা হয়।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সব কর্মসূচিতে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার কথাও বলা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক নাহিদুল খান সাহেল, কেন্দ্রীয় সদস্য আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভূঁইয়াসহ যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।








