Logo

জাতীয় স্বার্থ উপেক্ষা করে পিআর চাইলে ভয়ংকর পরিণতি: সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৭
জাতীয় স্বার্থ উপেক্ষা করে পিআর চাইলে ভয়ংকর পরিণতি: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমদ । ফাইল ছবি

জাতীয় স্বার্থকে উপেক্ষা করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি করলে তা দেশের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক ইস্যু নিয়ে মতবিনিময়ের সময় তিনি এ বক্তব্য দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি সমমনা দলের যুগপৎ আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “যারা আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাদের মূল দাবি জুলাই সনদ বাস্তবায়ন। এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনাও চলছে। এমন সময়ে আন্দোলনে যাওয়া কতটা যৌক্তিক, তা জনগণ বিচার করবে।”

বিজ্ঞাপন

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বা অতিরিক্ত আসনের আশায় জাতীয় স্বার্থকে পাশ কাটিয়ে পিআর দাবি করে, তবে এর পরিণাম হবে ভয়ংকর। এর জবাব মাঠেই দেওয়া হবে।”

তিনি আরও জানান, বিএনপি সব সময় পিআর ব্যবস্থার বিপক্ষে। উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষ সবক্ষেত্রে আমরা পিআরকে সমর্থন করি না। রাজনৈতিক দলগুলোকে ইশতেহার দিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়েই তাদের ভাবনা বাস্তবায়ন করতে হবে, নির্বাহী আদেশে নয়।

বিজ্ঞাপন

রাজনৈতিক দল নিষিদ্ধকরণ বিষয়ে তিনি বলেন, “যদি নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করা হয়, তাহলে ভবিষ্যতে এটি ভয়ংকর চর্চায় পরিণত হবে। এমন হলে স্বৈরশাসনের সঙ্গে যুক্ত ২৮টি দলকেও নিষিদ্ধ করতে হবে। তাহলে নির্বাচন হবে কাদের নিয়ে? এতে বোঝা যায়, এর উদ্দেশ্য হতে পারে রাজনৈতিক সুবিধা নেওয়া।”

তিনি আশঙ্কা প্রকাশ করেন, “রাজনৈতিক ঐক্য নষ্ট হলে পতিত শক্তি সুযোগ নেবে। তাছাড়া, স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD