Logo

পঙ্গু হাসপাতালে যাবেন না তারেক রহমান, জানা গেল যে কারণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৯
পঙ্গু হাসপাতালে যাবেন না তারেক রহমান, জানা গেল যে কারণ
তারেক রহমান । ফাইল ছবি

দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনের কর্মসূচি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, পঙ্গু হাসপাতালে বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ চিকিৎসাধীন না থাকায় তারেক রহমানের ওই কর্মসূচি বাদ দেওয়া হয়েছে।

তবে দিনের অন্যান্য কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বেলা ১১টায় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রায় ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফেরেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসযোগে তিনি ওই সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হন এবং বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সেখানে পৌঁছান।

এর আগে বৃহস্পতিবার সকালে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিজ্ঞাপন

ঢাকা বিমানবন্দরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD