Logo

পরিস্থিতির কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৬, ১৯:৫৪
পরিস্থিতির কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে সরকার ‘জুজুর ভয়’ দেখিয়ে গণভোটের রায় বাস্তবায়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) দুপুরে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন গোলাম পরওয়ার। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ‘খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লং মার্চ’-এর প্রস্তুতি নিয়ে সভাটির আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার জানান, গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চ অনুষ্ঠিত হবে।

১১ দলের লং মার্চের মাধ্যমে পতিত সরকার ফিরে আসবে—এমন বক্তব্যকে সরকারের নতুন বয়ান হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন থামাতে এবং জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে বিএনপি সরকার নানা বয়ান তৈরির চেষ্টা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে সরকার।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

সরকারি নিয়োগ ও সার বিতরণ নিয়েও অভিযোগ তোলেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, যোগ্যতা বিবেচনা না করে বিভিন্ন জায়গায় সরকারি দলের নেতাকর্মীদের বসানো হচ্ছে। এমনকি বিএনপির লোকজন ছাড়া অন্য কেউ সার ডিলার হতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের কর্মসূচি কেন এবং কীভাবে করতে হয়, তা বিরোধী দলে থাকলেই বোঝা যায়। তাঁর মতে, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারলে রাজনীতিবিদেরা অনেক সময় অপ্রাসঙ্গিক বক্তব্য সামনে আনেন।

বিজ্ঞাপন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, খুলনায় পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, পরিস্থিতির কতটা অবনতি হলে পুলিশকে একাকী চলাচলে নিষেধাজ্ঞা দিতে হয়। অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আগের দুটি লং মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, এবারের কর্মসূচিও শান্তিপূর্ণ রাখার পরিকল্পনা রয়েছে। লং মার্চের কারণে সাময়িকভাবে যাতায়াত ও চলাচলে ভোগান্তি হতে পারে বলে সংশ্লিষ্ট অঞ্চলের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের কাছে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।

কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সংক্ষিপ্ত জনসভার মধ্য দিয়ে লং মার্চ শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির বহর কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে। প্রায় ১২ ঘণ্টার এই দীর্ঘ যাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী ও গাজী এনামুল হকসহ ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং আশপাশের জেলার জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD